৬৬ বছর বয়সেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা সতীশ কৌশিক

বলিউডের সুপরিচিত পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক আর নেই। মাত্র ৬৬ বছর বয়সেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই তারকা। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে এ খবর জানান প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের।
আজ সকালে অনুপম খেরের টুইটার পোস্ট দেখে কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। অনুপম খের লিখেছেন, ‘জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনো ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ বিচ্ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে।’ এমনিতে সুস্থই ছিলেন সতীশ কৌশিক। এক দিন আগেও বলিউডের হোলি পার্টিতে আনন্দ করেছিলেন, হুল্লোড় করেছিলেন। ফেসবুকে রঙিন আনন্দের সেই মুহূর্তকে সবার সঙ্গে শেয়ার করেছিলেন অভিনেতা। জাভেদ আখতারের বাড়িতে হোলি পার্টিতে রং মেখে ছবি পোস্ট করেন সতীশ।