বেশি দিন নেই। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে সাকিব আল হাসানের মুক্তি মিলবে। নিষেধাজ্ঞা কাটিয়ে চেনা ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সাকিব। গত দুই সপ্তাহ ধরে বিকেএসপিতে করছেন একান্ত অনুশীলন। ফিটনেসের কাজ দিয়ে অনুশীলন শুরু করে গত কিছুদিন ধরে নিজের ব্যাটিং-বোলিং দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন।
জানা গেছে, শুরুতে কিছুটা জড়তা থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন সাকিব। বিকেএসপির ৪ নম্বর মাঠে নিয়মিত দক্ষতার অনুশীলন করছেন। লক্ষ্য একটাই, নিষিদ্ধ হওয়ার আগে সাকিব যেই মানের ক্রিকেট খেলতেন, শুরুটা যেন ঠিক সেখান থেকেই হয়।






