গয়নাপ্রেমীদের জন্য এটা দুঃসংবাদ

সোনার দাম বাড়ানো নিয়মিত ঘটনায় পরিণত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এ ক্ষেত্রে তাদের বড় অজুহাত হচ্ছে আন্তর্জাতিক বাজার। তবে এবার বিশ্ববাজারে দর না বাড়লেও দেশে ঠিকই সোনার দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়েছে তারা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৬ হাজার ৪৫৮ টাকা।
কাল শুক্রবার সকালে উঠে যাঁরা সোনা কিনতে যাবেন, তাঁদের এই নতুন দরেই তা কিনতে হবে। বাংলাদেশে এমনিতেই সোনা বিনিয়োগের বড় কোনো মাধ্যম নয়। অন্যান্য দেশের মতো স্বর্ণ কেনাবেচার বন্ড মার্কেটও নেই। এখানে গয়নার বাজারই সোনার চাহিদা নির্ধারণ করে। গয়নাপ্রেমীদের জন্য এটা দুঃসংবাদই।