১৫ মিনিটেই হ্যাটট্রিক বিশ্বকাপ তারকার!

বিশ্বকাপ তারকাদের গোল করার ক্ষমতা তো এমনই হয়।

বল পায়ে দুর্দান্ত গতিতে ছুটে যাচ্ছেন। পেছন পেছন দৌড়াচ্ছেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা, গোলরক্ষক পোস্ট ছেড়ে বের হয়ে এসে ছোট করে দিয়েছেন গোলমুখ। কিন্তু মাথা ঠান্ডা রেখে ঠিকই বলটি জড়িয়ে দিলেন জালে। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা তারকা ডেনিয়েল কলিন্দ্রেসের সৌজন্যে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমন দৃশ্য দেখা গেল দুইবার। আর হ্যাটট্রিকের প্রথম গোলটি করেছেন গোলমুখ থেকে টোকা দিয়ে। ১৫ মিনিটের মধ্যে কলিন্দ্রেসের হ্যাটট্রিক হয়ে গেল। সে সুবাদেই বিজেএমসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

ঢাকায় পা রাখার পর থেকেই কলিন্দ্রেস জ্বরে ভুগছিল দেশের ফুটবল প্রেমীরা। বঙ্গবন্ধুতে অভিষেকটাও হয়েছিল দুর্দান্ত। মোহামেডানের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে নিজে করেছিলেন এক গোল, করিয়েছিলেন তিন গোল। কিন্তু পরের দুই ম্যাচে শেখ জামাল ও নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে ছায়া হয়েই ছিলেন বিশ্বকাপ তারকা। আজ যেন সব সুদে আসলে শোধ করার পণ নিয়েই নেমেছিলেন। না হলে কি আর হ্যাটট্রিক করতে সময় নেন মাত্র ১৫ মিনিট! জয়ীদের বাকি দুটি গোল করেছেন বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ও মতিন মিয়া।

LEAVE A REPLY