নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল সহকারীতে জনপ্রিয় তারকাদের কণ্ঠস্বর ব্যবহারের জন্য কয়েক কোটি ডলারের চুক্তি করতে যাচ্ছে মেটা। এরই মধ্যে জুডি ডেঞ্চ, অ্যাকওয়াফিনা, কিগান মাইকেলসহ বেশ কয়েকজন হলিউড তারকার সঙ্গে চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও রেব্যান স্মার্ট চশমায় ‘মেটা এআই’ নামের ডিজিটাল সহকারী টুল ব্যবহার করা যায়। আগামী সেপ্টেম্বরে মেটা কানেক্ট সম্মেলনে বিভিন্ন ধরনের এআই পণ্য ও প্রযুক্তিসুবিধা আনার ঘোষণা দেবে মেটা। আর তাই সম্মেলনের আগেই জনপ্রিয় তারকাদের সঙ্গে চুক্তি করতে চায় প্রতিষ্ঠানটি। চুক্তিটি সম্পন্ন হলে মেটা এআই ব্যবহারের সময় জনপ্রিয় তারকাদের কণ্ঠস্বর শোনা যাবে।
জানা গেছে, তারকাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে বেশ সমস্যার মুখোমুখি হতে হবে মেটাকে। কারণ, এরই মধ্যে ভিডিও গেমসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন হলিউডের শিল্পী ও কলাকুশলীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট (স্যাগ-আফট্রা)। এর আগে গত বছর হলিউডের শিল্পী ও কলাকুশলীরাও একই কারণে ধর্মঘট করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




