সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় দুটি শাখায় বিনোদন অঙ্গনের ছয় তারকার নাম রয়েছে। ‘গায়ক ও গায়িকা’ শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। অভিনেতা ও অভিনেত্রী শাখায় সেরা করদাতারা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়।

গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ। সংগীতশিল্পীদের মধ্যে গায়ক ও গায়িকাদের মধ্যে সেরা হয়েছিলেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। এবারও তাঁরাই এই শাখায় সেরা হয়েছেন।ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।