‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবির শুটিং হচ্ছে। তার মাঝেই বরুণ ধাওয়ানের সর্দি-কাশি-জ্বর। কিন্তু যে দৃশ্যের কাজ হচ্ছে, গতকাল শুক্রবারের মধ্যে তার শুটিং অবশ্যই শেষ করতে হবে। এদিকে একদিন ছুটি কাটিয়ে গত মঙ্গলবার মুম্বাইয়ে শুটিংয়ে ফেরেন বলিউডের এই তারকা। ছুটির আগেই বলে গেছেন, ফিরে এসে অতিরিক্ত সময়ে কাজ করে পুরোটা পুষিয়ে দেবেন। নিজের কথা রাখতে গিয়ে টানা ১৮ ঘণ্টা শুটিং করে তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্ঞান হারান সেটে। চিকিৎসক এসে পরামর্শ দিলেন, শুটিং বন্ধ রাখতে হবে। আর দুই দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।
মিড-ডে পত্রিকার খবর অনুযায়ী, একদিন ছুটি কাটিয়ে বরুণ ধাওয়ান যখন শুটিংয়ের সেটে ফেরেন, তখন তিনি সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত। এই অসুস্থতা নিয়েই ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবির শুটিং করেছেন। এমনকি নাচও প্র্যাকটিস করেছেন। বরুণ ধাওয়ান জ্ঞান হারানোর পর ছবির পরিচালক রেমো ডি’সুজা দ্রুত চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে বরুণ ধাওয়ানকে পরীক্ষা করেন। পরে তিনি জানান, বরুণ ধাওয়ানের রক্তচাপ অনেকটা কমে গেছে, তাই তিনি জ্ঞান হারিয়েছেন। তিনি পরবর্তী দুই দিন এই তারকাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। বরুণ ধাওয়ান অসুস্থ হওয়ার পর পরিচালক রেমো ডি’সুজা দুই দিন ছবির শুটিং সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।






