সাফা কবির অভিনীত প্রায় ২০টি নাটক ও টেলিছবি

ঈদে টেলিভিশন ও অনলাইনে দেখা যাবে সাফা কবির অভিনীত প্রায় ২০টি নাটক ও টেলিছবি। এগুলোর মধ্যে কেবল চারটি নতুন, বাকিগুলো গত বছরের অক্টোবর-নভেম্বর মাস ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে করা। ‘চিরকাল’, ‘সাত সতের’, ‘রিভার্স’, ‘সন্ধ্যে নামতে দেরি’, ‘ট্রুথ অর ডেয়ার’, ‘মোর দ্যান ফ্রেন্ড’, ‘লকডাউন প্রেম’, ‘ঢাকাইয়া খানদান’, ‘আঁধারি’, ‘মনের মতো বাগান’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে বেশির ভাগ নাটকেই তাঁর সহশিল্পী তৌসিফ মাহবুব। কয়েকটিতে জোভান ও একটিতে খায়রুল বাসার।

নাটকগুলো নিয়ে সাফা জানালেন, এই ঈদে তাঁর ভীষণ মন খারাপ। কেননা, এবার তিনি দর্শকদের সামনে নতুন নাটক নিয়ে হাজির হতে পারছেন না। প্রচারের অপেক্ষায় থাকা বেশির ভাগই পুরোনো, ঈদ উপলক্ষে অভিনীত নয়। বেশির ভাগ নাটকে সহশিল্পী তৌসিফ মাহবুব কেন? তিনি বলেন, ‘এটা আমার বা তৌসিফের ইচ্ছায় হয় না। প্রযোজক, পরিচালকেরা আমাদের নিয়ে কাজ করতে চান। হয়তো দর্শক আমাদের জুটি দেখতে চান। আমি বা তৌসিফ এ জন্য দায়ী নই। এটা এভাবেই তৈরি হয়ে গেছে।’