সাগরতলে টানেল

ফারো আইল্যান্ডস আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। স্বশাসিত এই এলাকা ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন। এই দ্বীপপুঞ্জেই সাগরতলে নির্মিত হয়েছে একটি টানেল। সবকিছু ঠিক থাকলে সেই টানেল দিয়ে আগামী ১৯ ডিসেম্বর যানবাহন চলাচল শুরু হবে।

ফারো আইল্যান্ডসের অবস্থান স্কটল্যান্ড থেকে ৩২০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে উত্তর আটলান্টিকে। নরওয়ে আর আইসল্যান্ডের প্রায় মাঝে পড়েছে দ্বীপপুঞ্জটি। ৫৪০ বর্গমাইলের এই এলাকার বাসিন্দা রয়েছে প্রায় ৫৩ হাজার। ১৮টি ছোট ছোট দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ গঠিত।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাগরতলে টানেলটি নির্মাণ করা হয়েছে ফারো আইল্যান্ডসের স্ট্রেময় দ্বীপ আর আইস্টুরয় দ্বীপকে সংযুক্ত করতে। এর দৈর্ঘ্য ১১ কিলোমিটার।এই টানেল ফারো আইল্যান্ডসের রাজধানী টোশাও থেকে রুনাভিক এলাকার মধ্যে যাতায়াতের সময় এক ঘণ্টা কমিয়ে আনবে। এখন টোশাও থেকে রুনাভিকে যেতে ১ ঘণ্টা ১৪ মিনিটের মতো লাগে। টানেলটি চালু হলে ১৬ মিনিটেই যাওয়া যাবে এই দুই এলাকার একটি থেকে অন্যটিতে।