সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল

মোহামেডান বনাম প্রাইম ব্যাংক। অন্যভাবে বললে, সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার আজ মুখোমুখি প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে। তবে এখন পর্যন্ত ম্যাচের সব আলো প্রাইম ব্যাংকের পেসার মোস্তাফিজুর রহমানের ওপরই। মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

মোহামেডানের সাকিব আল হাসান ও শামসুর রহমান ভালোই খেলছিলেন। ওপেনার পারভেজ হোসেনের ফিফটি দুই অভিজ্ঞকে ভিত গড়ে দিয়েছিল বড় রান করার। কিন্তু মোস্তাফিজ যেন তাঁর জাদুটা জমা করে রেখেছিলেন ডেথ ওভারের জন্যই!৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ৫ উইকেট নেন মোস্তাফিজ। ৫টি উইকেটই নিয়েছেন তাঁর শেষ দুই ওভারে। টি-টোয়েন্টিতে এটি মোস্তাফিজের দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেও ২২ রানে ৫ উইকেট নেন এই বাঁ-হাতি।