সরকারের ধাপ্পাবাজি স্বাস্থ্য খাতের দুর্দশায় প্রমাণিত: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করে আসছে, তা স্বাস্থ্য খাতের দুর্দশার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের বর্তমান দুর্দশায় প্রমাণিত হয়েছে, এই সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধরে ধাপ্পাবাজি করেছে। করোনাভাইরাসের এই মহামারির সময়ে মানুষের জীবনের বিনিময়ে স্বাস্থ্য খাতের বিপন্ন ও ভঙ্গুর ছবি প্রকাশ হয়ে পড়েছে।

করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেতে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে জানিয়ে বিএনপির এই নেতা জানান, পরীক্ষাগারে নমুনার স্তূপ জমা পড়ে আছে।

রিজভী বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টি জেলাতে আইসিইউ নেই। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আইসিইউ স্থাপনের প্রতিশ্রুতির ছয় বছর পরও সরকারের মুখে সেই একই প্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ এপ্রিল জাতীয় সংসদে বলেছেন, প্রতিটি জেলা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপন করা হবে। এ বক্তব্য প্রসঙ্গে রিজভীর বলেন, আওয়ামী লীগ সরকারের বারবার একই রকম প্রতিশ্রুতি—কাজির গরু কেতাবেই থাকছে, গোয়াল নেই।

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকজনকে গ্রেপ্তারের সমালোচনা করে রিজভী বলেন, কেউ আওয়ামী লীগের ব্যর্থতা আর দুর্নীতির কথা মনে করিয়ে দিলে তাঁকে তাড়াহুড়ো করে গ্রেপ্তার করা হচ্ছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

রিজভী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ব্ল্যাক ল প্রয়োগের মাধ্যমে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তার এখন ভয়াল করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।