হার-জিত নয়, মুখ্য ছিল বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা ঝালাই করে নেওয়া। গোলসংখ্যার বিচারে প্রস্তুতিটি বেশ ভালোই হয়েছে আর্জেন্টিনার।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। জোড়া গোল করেছেন চোট থেকে ফেরা আনহেল দি মারিয়া, একটি করে গোল মেসি, হুলিয়ান আলভারেজ ও হোয়াকিন কোরেয়ার।
এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব রেকর্ডটা ইতালির।
আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতির ম্যাচ। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামের ম্যাচটিতে প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।






