টানা দুই দিন ধরে শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২৮ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে সূচকটি কমে ১৪২ পয়েন্ট। অর্থাৎ দুই দিনেই নেই ২৭০ পয়েন্ট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৯৭ পয়েন্ট।
বাজার বিশ্লেষকেরা বলছেন, হঠাৎ করেই বাজারে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল এবং আজ দুই দিনই বিক্রির চাপ বেশি ছিল। ক্রেতাশূন্য হয়ে পড়ে একের পর এক কোম্পানির শেয়ার। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার। গতকাল এই লেনদেনের পরিমাণ ছিল ৭৭১ কোটি ৫২ লাখ টাকা। আজ বেশির ভাগ কোম্পানিরই শেয়ারের দর কমেছে। লেনদেন শেষে ২৩৬টির দর কমেছে, বেড়েছে ২৩টির, অপরিবর্তিত আছে ৯১টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রবি, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আকতার হোসেন লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও আইএফআইসি।






