কিছুদিন পরেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে লড়বে দুই ‘হেভিওয়েট’ বার্সেলোনা ও পিএসজি। লিগের পাশাপাশি এই দুই দলকে সে লড়াই নিয়েও এখন মাথা ঘামাতে হচ্ছে। গত রাতে বার্সেলোনা-পিএসজি নিজেদের লিগ ম্যাচে মাঠে নেমে যেন কয়েকটা জায়গায় মিলে গেল একই বিন্দুতে!
হ্যাঁ, দুই দলই তাঁদের নিজ নিজ ম্যাচ জিতেছে। বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে বেতিসকে। এদিকে, ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আর আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির দুই গোলে অলিম্পিক মার্শেইকে বেশ হেসেখেলেই হারিয়েছে পিএসজি। দুই দলেরই মূল লাতিন তারকা ম্যাচের মূল একাদশে ছিলেন না। দুজনই পরে নেমেছেন। মেসি যেখানে পরে নেমে দলকে টেনে তুলেছেন, নেইমারকে অত কিছু করতে হয়নি। তবে ম্যাচের শুরুতেই দুই দলের দুই খেলোয়াড় চোটে পড়ে কোচের চিন্তা বাড়িয়ে দিয়েছেন।বার্সেলোনা-ম্যাচের শুরুতেই চোটে পড়েছেন উরুগুইয়ান সেন্টারব্যাক রোনালদ আরাউহো। যেটি কোচ রোনাল্ড কোমানের জন্য যথেষ্ট চিন্তার। কিন্তু সেদিক দিয়ে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো চিন্তিত অনেক বেশি। চোটে যে পড়েছেন দলের অন্যতম মূল তারকা আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া! ম্যাচের ১১ মিনিটেই মাংসপেশির চোটে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁর জায়গায় বাকি ম্যাচ খেলছেন স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া।






