কে জানত শেষ সময়ে এতটা উত্তেজনা জমিয়ে রেখেছিল ম্যাচটি? কে জানত বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকের সন্ধ্যাটা এমন উত্তাপ ছড়াবে? ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজের পেনাল্টি মিস, আরেক ফরোয়ার্ড তকলিচ আহমেদের লাল কার্ড ছাপিয়ে ম্যাচে আলো কাড়লেন চট্টগ্রাম আবাহনীর দুই তরুণ মিডফিল্ডার রাকিব হোসেন ও মান্নাফ রাব্বি। এই দুই ফুটবলারের গোলেই তো টুর্নামেন্ট থেকে শেখ রাসেলকে ছিটকে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।
ম্যাচের নির্ধারিত সময় ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটও গোলের দেখা নেই। হঠাৎ করেই বাঁ প্রান্ত দিয়ে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ। বক্সের সামনে অরক্ষিত চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার রাকিব হোসেনের হাফ ভলি, শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলরক্ষক আশরাফুল রানার মাথার ওপর দিয়ে বল ঢুকল জালে। বোকার মতো বলটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না জাতীয় দলের এই গোলরক্ষকের। রাকিব হোসেনের করা ম্যাচের প্রথম গোলটি হয়েছে ১০৭ মিনিটে। এরপর ১১৩ মিনিটে মান্নাফ রাব্বির গোলে স্তব্ধ শেখ রাসেল শিবির।






