শিশুশিল্পী দীঘি এখন নায়িকা

ছোট্ট সেই দীঘি এখন আর ছোট্টটি নেই। শিশুশিল্পী দীঘি এখন নায়িকা। বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্র। দীঘির অভিষেক হচ্ছে একসঙ্গে দুটি ছবি মুক্তির মধ্য দিয়ে। দুটি ছবির একটি শান্ত খানের সঙ্গে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, অন্যটি আসিফ ইমরোজের সঙ্গে ‘তুমি আছো তুমি নেই’। সবকিছু ঠিক থাকলে ১২ মার্চ ছবি দুটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দীঘি জানালেন, মুক্তির দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ভয়ে তাঁর হার্টবিট বেড়ে যাচ্ছে। ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কি তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো।’ একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের এই সংলাপ দিয়েই সবার প্রিয় হয়ে উঠেছিলেন শিশুশিল্পী দীঘি। সেটা এক যুগের বেশি সময় আগের কথা। পরে তিনি শিশু চরিত্রে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নায়িকা হিসেবে অভিনয়জীবনের শুরুতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের ছবিতে নায়িকা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ান দীঘি। সেই ছবিটি গতকাল সোমবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক শামীম আহমেদ জানান, ১২ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই ঘোষণা আসা পর্যন্ত দীঘির একটি সিনেমাই মুক্তির কথা ছিল। সোমবার বদলে গেল সব হিসাবে–নিকাশ। নায়িকা দীঘি খানিকটা টেনশনে পড়েছেন। নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা অনুভব করছেন। তবে দুটি ছবিটি দর্শকদের দেখার অনুরোধ করেছেন দীঘি।