একই সঙ্গে শক্তপোক্ত কিন্তু ওজনে হালকা-পাতলা হওয়ায় কোনো কিছু তৈরিতে কার্বন ফাইবার চমৎকার উপাদান। তবে স্মার্টফোনে এত দিন ব্যবহারের উপায় ছিল না। কারণ, বেতার তরঙ্গ আদান–প্রদানে বাধা তৈরি করে কার্বন ফাইবার।
কার্বন মোবাইল নামের এক জার্মান প্রতিষ্ঠান সে বাধা পেরোনোর দাবি করেছে। প্রতিষ্ঠানটি বলছে, কার্বন ফাইবার মনোককের বিশ্বের প্রথম স্মার্টফোন হলো ‘কার্বন ১ এমকে টু’। অর্থাৎ বহিরাবরণটি কার্বন ফাইবারের তৈরি। এতে স্মার্টফোনটি বেশ হালকা (১২৫ গ্রাম) এবং পাতলা (৬.৩ মিলিমিটার পুরু) বলে জানানো হয়েছে।
চার বছর ধরে ‘হাইব্রিড রেডিও এনাবলড কম্পোজিট ম্যাটেরিয়াল’ প্রযুক্তি তৈরি করেছে কার্বন মোবাইল। এতে কার্বন ফাইবারের সঙ্গে যৌগিক উপাদান ব্যবহার করা হয়েছে বলেই বেতার তরঙ্গ যাওয়া–আসা করতে পারে। বড়জোর ৫ শতাংশ উপাদান তৈরিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।




