জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনা শাহজাহান বাবলুকে দেওয়া রেমিট্যান্স পদক ফিরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছ পাঠানো এক চিঠিতে তাঁকে দেওয়া পদক ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। চিঠিতে দ্রুততম সময়ে শাহজাহান বাবলুকে দেওয়া ক্রেস্ট, সার্টিফিকেট ও স্মারক মুদ্রা দিতে জনতা ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পদক দেওয়ার পর তাঁর ঋণ খেলাপি হওয়ার তথ্য পাওয়া যায়। এ কারণে পদক ফিরিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’






