ল্যাপটপ ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যার নাম হলো অতিরিক্ত গরম হওয়া

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যার নাম হলো অতিরিক্ত গরম হওয়া। দীর্ঘক্ষণ কাজ করলে, ভারী সফটওয়্যার চালালে বা গেম খেলার সময় কম্পিউটার হিট হয়। হঠাৎ মেশিন ধীর হয়ে যায় বা হ্যাং করে। কখনো আবার হুট করে বন্ধও হয়ে যায়। আসলে এর মূল কারণ হলো প্রসেসর ও গ্রাফিকস কার্ডে জমে থাকা তাপ। এই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে কুলিং ফ্যান ও হিটসিঙ্ক। যন্ত্রাংশ দুটি না থাকলে আধুনিক কম্পিউটার কয়েক মিনিটও সচল থাকতে পারত না।কুলিং ফ্যানের কাজ হলো ভেতরে তৈরি হওয়া গরম বাতাস বাইরে বের করে দেওয়া এবং ঠান্ডা বাতাস ভেতরে টেনে আনা। ফ্যান ঘুরতে না পারলে বা ধুলাবালি জমলে প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যায়, যার ফলে কাজ ধীর হয়ে পড়ে। বারবার হ্যাং হয়, এমনকি মাদারবোর্ড পর্যন্ত নষ্ট হতে পারে। তাই নিয়মিত ফ্যান পরিষ্কার করা জরুরি। অনেকে জানেন না—একটি ফ্যানের সামান্য ধুলাবালিই তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়িয়ে দিতে পারে। আর এই কয়েক ডিগ্রিই হতে পারে বড় ক্ষতির সূচনা।অন্যদিকে, হিটসিঙ্ক হলো তাপ নিয়ন্ত্রণের মূল নায়ক। এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা কপার ধাতুর তৈরি, যার ভেতরে ছোট ছোট পাখনার মতো ফিন থাকে। প্রসেসর থেকে উৎপন্ন তাপ হিটসিঙ্ক শোষণ করে সেই ফিনের মাধ্যমে চারপাশের বাতাসে ছড়িয়ে দেয়। এরপর কুলিং ফ্যান সেই গরম বাতাস দ্রুত বাইরে বের করে দেয়। এই সমন্বয় না হলে প্রসেসরের ভেতরে মুহূর্তের মধ্যে বিপজ্জনক তাপ জমে যেত এবং স্থায়ী ক্ষতি হতো।