লন্ডনে থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর এর প্রধান সমন্বয়কারী আকরাম হুসেইন বলেছেন, লন্ডনে থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন। বিএনপি জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।‌ জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনোই চাই না।শনিবার গুলশানে এনসিপির ঢাকা মহানগর উত্তর আওতাধীন গুলশান জোন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আকরাম হুসেইন বলেন, চাঁদা না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিস্কার করতে হবে।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সেই ক্ষমতাপ্রেমী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কী করবে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছে। আমরা এ জঘন্য, নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।