রোনালদোর বাইসাইকেল কিকের গোলই উয়েফার বর্ষসেরা

দৃশ্যটা মনে আছে? তেল-চকচকে মাথায় বার কয়েক আঙুল চালালেন জিনেদিন জিদান। এরপর হাতটা এমনভাবে ঝাঁকালেন যেন তুরিনে আজ ভীষণ গরম পড়েছে। আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত গোলের পর তাঁর এমন প্রতিক্রিয়া! তখনকার রিয়াল মাদ্রিদ কোচ জিদান সেই অলৌকিক মুহূর্তেকে যেন পরখ করতে চেয়েছিলেন এভাবে, রোনালদোর গোলে তাঁর মাথায় বুঝি চুল গজিয়েছে!

না তেমন কিছু না ঘটলেও বাইসাইকেল কিকে করা রোনালদোর সেই গোলটা যে বিশেষ মর্যাদা পাবে তা অনেকেই তখনই আন্দাজ করে নিয়েছিলেন। তাঁদের আন্দাজ সঠিক। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রোনালদোর গোলটাই এবার উয়েফার বর্ষসেরা।

তুরিনে এ বছরের ৩ এপ্রিলের সেই মুহূর্তটা সত্যিই অলৌকিক। লুকাস ভাসকেজের বুলেট গতির শট চল্লিশ পার করা জুভেন্টাস গোলরক্ষক (এখন তিনি পিএসজির) জিয়ানলুইজি বুফন কী দারুণভাবেই না ‘সেভ’ করেছিলেন। কিন্তু বুফনের সেই জাদুকরি সেভকে রোনালদো স্রেফ ‘ওভার ট্রাম্প’ করেছিলেন। দানি কারভাহালের ক্রসটা ছিল রোনালদোর পেছনে, মানে গোলের উল্টো দিকে। সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে। কিন্তু রোনালদো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। বাইসাইকেল কিক!

LEAVE A REPLY