‘রিভেঞ্জ’ নামের ছবিটির সম্মেলনে উপস্থিত বুবলী

শাকিব খানের বাইরে এসে বুবলী প্রথম অভিনয় করেন ‘ক্যাসিনো’ ছবিতে। দীর্ঘ ৯ মাস আড়ালে থাকার পর ফিরে এসেও যে ছবিতে চুক্তিবদ্ধ হন, সেটিও নিরবের সঙ্গে। এই ছবিতে বুবলীর দুই নায়কের বিপরীতে আরেকজন ছিলেন জিয়াউল রোশান। ‘চোখ’ নামের সেই ছবির রেশ কাটতে না কাটতেই রোশানের সঙ্গে আরেকটি ছবির ঘোষণা এসেছে। গতকাল সোমবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় ‘রিভেঞ্জ’ নামের ছবিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুবলী।

চলচ্চিত্রে শবনম বুবলীর অভিনয়জীবনের শুরুটা ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত ধরেই। একসঙ্গে তাঁদের ১১টি ছবি মুক্তি পেয়েছে। মাস দুয়েক আগে ১২ নম্বর ছবিটি তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর ঘোষণা এলেও লকডাউন পরিস্থিতির কারণে শুটিং শুরু এখনো সম্ভব হয়নি। তবে পরিচালক জানিয়েছেন, ঈদের পরই ছবিটির শুটিং শুরু হয়ে টানা চলবে।

বুবলী জানালেন, ‘রিভেঞ্জ’ ছবিটিতে অভিনয়ের ব্যাপারে বেশ কয়েক দিন ধরেই কথাবার্তা চলছিল। গল্পটা শুনে তাঁর ভালো লেগেছে। তাই ছবিটিতে অভিনয়ের জন্য তিনি রাজি হয়েছেন। এর বাইরেও মিশা সওদাগর ছবিটিতে থাকার কারণেও তিনি সম্মত হয়েছেন। তিনি এ–ও বলেন, ‘আমার প্রথম ছবি “বসগিরি” হলেও প্রথম সেন্সর পাওয়া ছবি “শুটার”।যেটির প্রযোজক ইকবাল ভাই। এরপর “পাসওয়ার্ড”, “বীর”–এর পর আবার তাঁর প্রযোজনায় “রিভেঞ্জ” করতে যাচ্ছি। এটি নিঃসন্দেহে ভালো লাগার।’