যোগব্যায়ামে সুস্থ রাখি হৃদয়

দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড, যা কাজ করে চলেছে ক্লান্তিহীনভাবে। পেশি দিয়ে তৈরি এই যন্ত্র আসলে পুরো শরীরের রক্তসঞ্চালনে সহায়তা করে থাকে। হৃদ্‌যন্ত্র্র আবার শক্তিকেন্দ্রস্থল। কারণ, এখান থেকেই আমরা পাই ভালোবাসার শক্তি, হারানোর বেদনা বা দুঃখ কমানোর সক্ষমতাও। এই হৃৎপিণ্ডকে আমরা সুস্থ রাখতে পারি নিয়মিত ব্যায়ামের মাধ্যমে। যোগব্যয়াম এর একটি। যোগব্যায়াম আসলে কিছু আসনের সমাহার। এই আসনের সঙ্গে রয়েছে শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ আর ধ্যানের মাধ্যমে সহজেই আমরা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারি।ব্যায়াম হৃৎপিণ্ডকে সুস্থ ও সবল করে। ফলে শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে পারে। উপরন্তু আপনার বয়স যতই হোক না কেন, শরীরের বিভিন্ন পেশিতে রক্ত সরবরাহ ব্যবস্থা চালু রাখতে হৃৎপিণ্ডকে অধিক কষ্ট করতে হয় না। যোগব্যায়ামে তিন ধরনে ব্যায়াম রয়েছে। কার্ডিওভাসকুলার বা অ্যারোবিক ব্যায়াম রক্তসঞ্চালন ব্যবস্থা উন্নত করে, রক্তচাপ কমায় এবং হৃৎস্পন্দনকে স্বাভাবিক রাখে। স্ট্রেন্থ ট্রেনিং শরীরের চর্বি কমিয়ে পেশিকে সুস্থ রাখে। স্ট্রেচিং শরীরের কাঠামোকে নমনীয় করে। পেশি শক্ত ও অনমনীয় হয়ে ওঠে না। ফলে মানুষ শারীরিক ও মানসিকভাবে চাঙা থাকে।