২০১৯ সালে মোটা অঙ্কের বিনিময়ে রবিউলকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের ফেডারেশন কাপসহ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। ব্যক্তিগত জীবনে শৃঙ্খলার অভাব প্রভাব ফেলেছিল মাঠের পারফরম্যান্সে। অনুশীলনেও ছিলেন অনিয়মিত। মধ্যবর্তী দলবদলে বসুন্ধরা থেকে ধারে রবিউলকে দলে ভেড়ায় মোহামেডান। কিন্তু সেখানেও সেই অনিয়ন্ত্রিত জীবন। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে মোহামেডান।
রবিউল সম্পর্কে ক্লাবের পরিচালক ও ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও রবিউলকে সঠিক রাস্তায় আনতে পারিনি। কোচ ওর ওপর খুবই বিরক্ত। শৃঙ্খলাভঙ্গের কারণে এর আগে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবু সে শোধরায়নি। গত ১৪ জুন আবারও সে শৃঙ্খলা ভঙ্গ করেছে। পরবর্তী সময়ে আমরা তাকে বলি, তোমাকে আর আমাদের প্রয়োজন নেই। আজ সে ক্লাব ছেড়েছে।’






