মেসির এখন গোলের নেশা কম পায়

ফুটবল গোলের খেলা। এই গোল আবার তারকা বিচারের অন্যতম মানদণ্ড। খুব কম সময়ই এর ব্যত্যয় ঘটে থাকে। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কে তাঁদের গোলসংখ্যা নিয়েই কথা হয় বেশি। দুজনের গোলের প্রতিযোগিতাও নতুন কিছু না।

এ মৌসুমে মেসি এগিয়ে, তো পরের মৌসুমে রোনালদো—গত এক দশক ধরে এটাই মোটামুটি পরিচিত দৃশ্য। ব্যতিক্রম দেখা গেছে খুব কমই। তবে এই প্রতিযোগিতায় ইদানীং ভাটা নামতে পারে। কারণ মেসির নাকি এখন গোল করার নেশা খুব একটা পেয়ে বসে না। গোল করার চেয়ে করানোতেই এখন বেশি আগ্রহ আর্জেন্টিনা তারকার।