দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় মার্কিন অভিনেতা জেরেমি রেনার। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনাটি ঘটে। মার্কিন গণমাধ্যম ডেডলাইন জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় অভিনেতার অবস্থা সংকটজনক হলেও বর্তমান অবস্থা স্থিতিশীল। ঝড়ে জমে থাকা তুষার সরাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জেরেমি রেনারের মুখপাত্র ডেডলাইনকে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, রোববার দিনের শুরুর দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যরা অভিনেতার পাশেই আছেন বলেও জানান মুখপাত্র।






