দেশলাইয়ের বাক্সে লুকিয়ে রাখা যাবে, এত সূক্ষ্ম সেই শাড়ি। ঢাকাই মসলিনের নাম। বানাতে নিষেধ করে কারিগরদের আঙুল কেটে দিয়েছিল ব্রিটিশরা। সে কারণেই এটা হারিয়ে গেছে। কিংবদন্তি এ মসলিন আবার ফিরেছে, সে কথা অনেকেরই জানা। সেই ঢাকাই মসলিনের শাড়ি, ওড়না, কামিজ দেখা যাবে ঢাকায়। ঢাকার মসলিন, রাজশাহীর সিল্ক, যশোরের নকশিকাঁথা, টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এ রকম প্রায় ২৫টি ঐতিহ্যবাহী হস্তশিল্পপণ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের হস্তশিল্পীরা অপেক্ষা করছেন রাজধানীর রেডিসন ব্লু হোটেলের উৎসব মিলনায়তনে। সেখানে বসেছে ঐতিহ্যবাহী হস্তশিল্পপণ্যের দুই দিনের প্রদর্শনী। এ আয়োজন করেছে বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশন।






