বৈশ্বিক প্রবৃদ্ধি কমে আসবে

এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমে আসবে বলে অনেক সংস্থাই পূর্বাভাস দিয়েছে। এবার দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলল, একদিকে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ অর্থনীতির শ্লথগতি এবং অন্যদিকে মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের বৃহত্তর প্রভাব—এসব কারণে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার ২০১৮ সালের চেয়ে কমে আসবে। ২০১৮ সালে প্রবৃদ্ধির হার যেখানে ছিল ২ দশমিক ৯ শতাংশ, সেখানে এবার তা ২ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে।

কজ ফর কানসার্ন? দ্য টপ টেন রিস্কস টু দ্য গ্লোবাল ইকোনমি ২০১৯ (উদ্বেগের কারণ? ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতির শীর্ষ ১০ ঝুঁকি) শীর্ষক এক প্রতিবেদনে এসব ঝুঁকির কথা বলেছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

যে শীর্ষ ১০টি ঝুঁকির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমে আসতে পারে বলে আশঙ্কা করছে সেগুলো হলো: ১) মার্কিন-চীন বাণিজ্য সংঘাত ও পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা, ২) মার্কিন করপোরেট ঋণজনিত মন্দার সম্ভাবনা, ৩) এর প্রভাবে উদীয়মান বাজারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা, ৪)  দীর্ঘ মেয়াদে চীনের প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা এবং বিশৃঙ্খলার সম্ভাবনা, ৫) সরবরাহস্বল্পতার কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সম্ভাবনা, ৬) দক্ষিণ ও পূর্ব চীন সাগরে দ্বীপ নিয়ে দ্বন্দ্বের সম্ভাবনা, ৭) সাইবার হামলা ও তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগজনিত অন্তর্জালে অচলাবস্থার সম্ভাবনা, ৮) কোরীয় উপদ্বীপে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের সম্ভাবনা, ৯) বিশৃঙ্খল ও চুক্তিবিহীন ব্রেক্সিটের সম্ভাবনা, ১০) রাজনৈতিক ও আর্থিক অস্থিতিশীলতাজনিত ইতালিতে ব্যাংকিং খাতে সংকট।

LEAVE A REPLY