মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী ওমর আয়াজ অনি বিয়ে করেছেন। স্ত্রী তামান্না ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের হৃদ্রোগ বিভাগের চিকিৎসক। পরিবারের পছন্দে তাঁরা দুজন বিয়ের কাজটি সেরেছেন বলে প্রথম আলোকে জানান অনি।
দুই যুগের মঞ্চজীবন অনির। শুরুটা নাটকের দল ত্রিবেণী দিয়ে হলেও ১৯৯৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের ‘ত্রয়লাস ও ক্রেসিদা’ নাটক দিয়ে আলোচনায় আসেন এই অভিনয়শিল্পী। এরপর থেকে টেলিভিশন নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে চলছেন তিনি।
গত ২৮ ডিসেম্বর কনে তামান্না ইসলামের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে অনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আজ বৃহস্পতিবার সকালে অনি বলেন, ‘পারিবারিকভাবে আমাদের পরিচয়। তিন মাস ধরে আমরা একে অপরকে চিনি। মা আমাকে বলেছিলেন, ২৮ ডিসেম্বর আমরা সবাই তামান্নার বাসায় যাব। কথাবার্তা বলব। হঠাৎ আগের দিন সিদ্ধান্ত নেওয়া হলো, আমাদের আকদ হবে। কী আর করা। পরিবারের ইচ্ছেতে কবুল বলতে হলো।’




