৩০ মে শুরু হচ্ছে ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। এবার বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে এরই মধ্যে একটি ‘ফ্যান অ্যানথেম’ তৈরি করেছে গ্রামীণফোন। এর শিরোনাম ‘চলো বাংলাদেশ ২০১৯’। গানটির স্থায়ী অংশটুকু হলো ‘বুকের গভীরে স্বপ্ন বলে/ সময় হয়েছে আবার জেগে ওঠার/ নিশ্বাসে যেন বিশ্বাস জাগে/ হবেই হবে এবার’। গতকাল শুক্রবার গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে গান চিত্রটি অবমুক্ত করা হয়। সঙ্গে লেখা হয়েছে, ‘টাইগারদের সাথে আছি আমরা সবাই। চলো বাংলাদেশ, চলো মাঠ কাঁপানো হুংকারে!’ আজ শনিবার সকাল পর্যন্ত গান চিত্রটি দেখা হয়েছে ৯০ হাজার ৭৩৮ বার।
জানা গেছে, ‘চলো বাংলাদেশ ২০১৯’ গানটি লিখেছেন মেহেদী আনসারি, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ, ফুয়াদ আল মুক্তাদির ও জোহান। গত ২৬ এপ্রিল থেকে গানটির কাজ শুরু হয়েছে। ফুয়াদ আল মুক্তাদির এখন আছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখান থেকেই পুরো কাজটি করেছেন। তবে শুভ বাংলাদেশ থেকেই কণ্ঠ দিয়েছেন। আর গান চিত্রটি পরিচালনা করেছেন সামিউর রহমান।






