ওয়ানডে সিরিজে এক ইনিংসে ৩১ রানের বেশি করতে পারেননি। টেস্ট সিরিজে এসে ভোল পাল্টে ফেলেন বোনার। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে পারেননি, কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে চওড়া হয়ে উঠেছে বোনারের ব্যাট।
৩৯৫ রান তাড়া করে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের জয়ে দারুণ ভূমিকা রেখেছিল তাঁর ২৪৫ বলে ৮৬ রানের ইনিংস। আজ মিরপুর টেস্টের প্রথম দিনেও উইকেটে শেকড় গড়ে বসেছেন তিনি। বোনারের ১৭৩ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২২৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনটাকে একটা বাক্যে হয়তো বুঝিয়ে দেওয়া যায়—ঘুম পাড়ানি মাসি পিসি! পুরো ৯০ ওভার খেলা হয়েছে, এমন দিনের হিসেবে মিরপুরে কোনো টেস্টে এক দিনে এর চেয়ে কম রান কখনো হয়নি। বাংলাদেশও নিতে পেরেছে মাত্র ৫ উইকেট। বাংলাদেশ স্পিনার আর মিডিয়াম পেসারদের নিয়েই নামায় গতির ঝড়ও ছিল না পিচে।আজ তিন সেশনের মধ্যে দ্বিতীয় সেশনটা সবচেয়ে ভালো কেটেছে বাংলাদেশের বোলারদের। এ সেশনে ২৯ ওভারে ৬২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সে তুলনায় প্রথম ও শেষ সেশনে ১টি করে উইকেট নেওয়ার বিনিময়ে যথাক্রমে ৮৪ ও ৭৭ রান দিয়েছেন বোলাররা। উইকেটে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন বোনার ও জশুয়া দা সিলভা (২২)।






