২০২১ সালের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের মেয়েদের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আজ ২০ জনের এই দল দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। দলে সে অর্থে কোনো চমক নেই। তবে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা দুজনকে ডাকা হয়েছে দলে—ফারিহা ইসলাম ও দিশা বিশ্বাস।
২১ সেপ্টেম্বর মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প। এরপর ক্যাম্প হবে সিলেটে। ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবরের মধ্যে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। প্রস্তুতি ম্যাচের ফাঁকে ম্যাচ পরিস্থিতি তৈরি করে হবে অনুশীলন।
বিশ্বকাপ বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের। সেখানে হবে তিনটি ওয়ানডে। ২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। এরপর আর সালমা খাতুন, জাহানারা আলমরা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
বাংলাদেশের মেয়েরা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালের ৪ নভেম্বর। মাঝে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে অবশ্য বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলেছিলেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই।






