ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও পায়নি প্রত্যাশিত সংগ্রহ। অধিনায়ক লিটন টসের সময় ১৬০ রানের উইকেট বললেও বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৪। লিটনের চাওয়া ব্যাটাররা পুরোপুরি পূর্ণ করতে না পারলেও আস্থার প্রতিদান দিয়েছেন বোলাররা। তাদের দারুণ বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে। তাতে ৮ রানে জয়ে টিকে থাকল বাংলাদেশের সুপার ফোরে খেলার আশা। আর আফগানিস্তানের বিরুদ্ধে দেশের বাইরে এটি বাংলাদেশের প্রথম কোনো টি-টোয়েন্টি জয়।১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের শুরুটা ছিল বাংলাদেশের বিপরীত। ওপেনার সেদিকুল্লাহ আতাল ফেরেন ইনিংসের প্রথম বলে। এমন কী প্রথম ওভারে আসেনি কোন রান। একাদশে সুযোগ পাওয়া নাসুম আহমেদ পাওয়ার প্লেতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ১৪ ডট বল। সঙ্গে তার শিকার দুই উইকেট। তার এমন বোলিংয়ে ইনিংসের শুরু থেকেই ম্যাচে পিছিয়ে ছিল আফগানিস্তান। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রহমানউল্লাহ গুরবাজ চেষ্টা চালান আফগানদের উদ্ধারকর্তা হওয়ার। ৩১ বলে তার ব্যাটে আসে ৩৫ রান। রিশাদ হোসেনের বলে সুইপ করে ক্যাচ তুলে আউট হন। তার বিদায়ের পর আফগানদের জন্য ১৫৫ রানের লক্ষ্য তাড়া করাটা হয়ে ওঠে কঠিন। শেষ পর্যন্ত অবশ্য আর সম্ভবও হয়নি।গুরবাজের বিদায়ের পর আজমতউল্লাহ ওমরজাই চেষ্টা চালিয়েছেন। ইনিংসের ১৪তম ওভারে সাইফ হাসানের বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান তুলে আভাস দেন ঘুরে দাঁড়ানোর। বিপদজ্জনক হয়ে ওঠার মুহূর্তে তাসকিন আহমেদের বলে আউট হয়ে ফেরেন তিনি। পরে নুরুল হাসান সোহানের দারুণ ফিল্ডিংয়ে রানআউট হয়ে ফেরেন করিম জানাত। শেষদিকে অন্ধের যষ্ঠি হয়ে আফগানদের জন্য আশা হয়ে থাকা রশিদ খান ২০ রানে ফিরলে নিশ্চিত হয় হার। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ২৮ রানে নেন তিন উইকেট।তার আগে দারুণ ব্যাটিং করেন তানজিম হাসান তামিম। ব্যাট হাতে ঝলক দেখিয়ে তারকা এ ওপেনার আদায় করে নেন দারুণ এক হাফসেঞ্চুরি। তার ফিফটির সুবাদে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমেছে বাংলাদেশ।উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ উপহার দেন ৫২ রানের চমৎকার এক ইনিংস। তার ৩১ বলের ইনিংসে ছিল ৪ বাউন্ডারি ও ৩ ছক্কা। আর দলীয় স্কোরে ৩০ রান যোগ করেন আরেক ওপেনার সাইফ হাসান। আর ২৬ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস ভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। প্রতিপক্ষ আফগানিস্তানকে জানান বোলিংয়ের আমন্ত্রণ।






