ব্যাংক ব্যবসা যে কতটা স্পর্শকাতর, তা চলতি বছরের শুরুতেই ভালোভাবে টের পান ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এক ফারমার্স ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে না পারায় বেশির ভাগ ব্যাংকের আমানতে টান পড়ে। তাতে সংকটে পড়ে পুরো ব্যাংক খাত।
এ সংকট চলাকালেই ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশনা আসে সরকারের শীর্ষ পর্যায় থেকে। ব্যাংক পরিচালকেরা এ সুযোগকে কাজে লাগিয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নানাবিধ সুবিধা আদায় করে নেন। আর আমানতকারীদের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকার, ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংক হাতে হাত মেলায়। এর ফলে অনেকটা নিস্তেজ হয়ে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা।






