বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফিলিস্তিন। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র।

ফাইনালে যে রকম ফুটবল প্রত্যাশা থাকে দর্শকদের, তার পুরোটাই পাওয়া গেছে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। নির্ধারিত ৯০ মিনিট, অতিরিক্ত ৩০ মিনিট আক্রমণ–পাল্টা আক্রমণ থাকলেও গোল পায়নি কোনো দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে মীমাংসা হয় শিরোপার। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ফিলিস্তিন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অতিরিক্ত সময়ে ফাইনাল নিয়ে যেতে পারাই তাজিকদের বড় সাফল্য। কারণ ১০ জন নিয়ে ৮৬ মিনিট খেলেছে তাজিকিস্তান। ৩৪ মিনিটে ১০ জনের দল হওয়ার আগে ভালো খেলেছে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২০তম দেশটি, লাল কার্ডের পরও যথেষ্ট ভালো খেলেছে তারা। ফিলিস্তিন অবশ্য এই তাজিকদের গ্রুপ পর্বে হারিয়েছে ২-০ গোলে। কিন্তু ফাইনালে সেই দলটির বিপক্ষে একজন বেশি নিয়ে খেলেও গোল পায়নি র‍্যাঙ্কিংয়ে ১০০তম ফিলিস্তিন।

LEAVE A REPLY