ফেব্রুয়ারি মাসেই একুশে বইমেলা হচ্ছে

এবারের অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এই মেলা উদ্বোধন হবে না। ২১ ফেব্রুয়ারির আগে সুবিধাজনক একটি দিনে মেলা শুরু হবে।
আজ রোববার বাংলা একাডেমি এবং প্রকাশকদের দুটি সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বইমেলার বিষয়টি জানা গেছে।
প্রকাশকেরা আজ বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে দেখা করেন। পরে প্রকাশক ও বাংলা একাডেমির প্রতিনিধিদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঠিক হয়, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ২০২১ সালে স্বাভাবিক বইমেলার আয়োজন করা হবে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।
এর আগে গত শুক্রবার করোনা পরিস্থিতির আরও অবনতি হলে আগামী বছর ১ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল অমর একুশে গ্রন্থমেলার আয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এ সময় তিনি আরও জানান, পাঠকদের মধ্যে বইমেলা নিয়ে যেন কোনো সংশয় তৈরি না হয়, সে কারণে বিকল্প হিসেবে ভার্চ্যুয়াল আয়োজনের কথা তাঁরা ভেবেছিলেন।