প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সিমেন্ট খাতে কর ছাড় দিয়েছেন। ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী করতে এই কর ছাড় দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে সিমেন্ট খাতের উদ্যোক্তারা বলছেন, বাজেটের প্রভাবে প্রতি ব্যাগ সিমেন্টে দাম তিন টাকার মতো কমতে পারে।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববাজারে সিমেন্টের কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে এরই মধ্যে প্রতি ব্যাগ (৫০ কেজি) সিমেন্টের দাম বেড়েছে ৫০–৬০ টাকা। অর্থাৎ উদ্যোক্তারা কিছুটা কর ছাড় পেলেও ভোক্তাদের জন্য কোনো সুখবর নেই। ফলে নির্মাণশিল্পেও কর কমানোর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাজেট বক্তব্যে বলেছেন, ‘ভৌত অবকাঠামোর অন্যতম উপকরণ হচ্ছে সিমেন্ট, লৌহ এবং লৌহজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানকে কর–সুবিধা প্রদান করা হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে। তাই সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করছি।’ একই সঙ্গে সিমেন্ট সরবরাহে উৎসে কর কর্তনের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
সিমেন্টশিল্পের সব কটি কাঁচামাল আমদানিনির্ভর। গত অর্থবছরও দেশে ১ কোটি ৮৭ লাখ টন ক্লিংকার আমদানি হয়েছে। উদ্যোক্তারা সিমেন্টশিল্পে দ্বৈত কর প্রত্যাহার এবং আমদানি পর্যায়ে টনপ্রতি শুল্কহার ৫০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার দাবি জানিয়ে আসছিলেন।
জানতে চাইলে ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘অগ্রিম কর সমন্বয় করার দাবি জানিয়েছিলাম আমরা। সেটা না করে কাঁচামাল আমদানিতে ১ শতাংশ কর কমানো হয়েছে। এতে খুব সামান্য সুবিধা পাবেন উদ্যোক্তারা।’






