প্রযোজক হিসেবে কৃতি বলেন ছবি নির্মাণের সময় অনাবশ্যক খরচ অনেক বেশি মাত্রায় হয়

একের পর এক সফলতার কাহিনি লিখে চলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। চলতি বছর তাঁর অভিনীত দুটি ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’ মুক্তি পেয়েছে।দুটি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এদিকে তিনি শিগগিরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলিউডের নানা বিষয় নিয়ে কথা বলেন।কৃতি ‘দো পাত্তি’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে ফিল্মি জগতে আসতে চলেছেন। নেটফ্লিক্সের এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী কাজল। সম্প্রতি কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান, নির্মাতা অনুরাগ কশ্যপ অভিনেতাদের ফালতু খরচ নিয়ে সরব হয়েছেন। তাঁদের কথায়, অভিনেতারা এক বড়সড় দল নিয়ে সেটে হাজির হন। সেসব খরচের জোগান দিতে গিয়ে ছবির বাজেট বেড়ে যায়।অভিনেতাদের অহেতুক দাবির কারণে প্রযোজকদের পকেট ফাঁকা হওয়ার জোগাড়। প্রযোজক হিসেবে কৃতিও নিজের মতামত প্রকাশ করেছেন। অভিনেত্রীর কথায়, ছবি নির্মাণের সময় এমন কিছু ব্যাপার আছে, যেখানে অনাবশ্যক খরচ অনেক বেশি মাত্রায় হয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির গল্পই শেষ কথা। অভিনেতাদের দাবি মেটানোর চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন। একজন অভিনেতার তাঁর যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়া উচিত। এ ছাড়া আরও অনেক বিষয় দেখা প্রয়োজন। বিশেষ করে ছবির গল্প যেন গুরুত্ব পায়।