বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ইতিমধ্যে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তারা বলেছে, এই ২০ লাখের মধ্যে ৭ লাখ ৭২ হাজারের বেশি শিশু। তাদের জরুরি সহায়তার প্রয়োজন।
আজ শুক্রবার বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।
বিবৃতিতে ইউনিসেফ বলেছে, বন্যার পানি বৃদ্ধির সময় শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। তারা ডুবে মারা যাওয়া, অপুষ্টি ও মারাত্মক পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া, বাস্তুচ্যুতির আতঙ্ক এবং জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে।






