রডের মূল্যবৃদ্ধির রেকর্ড হওয়ার পর টনপ্রতি আবার দেড় থেকে দুই হাজার টাকা কমেছে। কিন্তু দাম সংশোধনের এই সুখবরও নির্মাণ উপকরণের বাজারে স্বস্তি দিচ্ছে না। কারণ, এখনো রডের দাম গত বছরের ঠিক এই সময়ের তুলনায় টনপ্রতি ১৭ হাজার টাকা বেশি।
রডের মতো আরেক নির্মাণ উপকরণ পাথরের দামও কিছুটা সংশোধন হয়েছে। এখন প্রতি বস্তা সিমেন্ট আগের চেয়ে ১০–১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে। এরপরও সিমেন্টের দাম এক বছর আগের তুলনায় বেশ বাড়তি রয়েছে। একইভাবে সব কটি নির্মাণ উপকরণের দাম এখন গত বছরের এই সময়ের তুলনায় বেশি। বাজারদর হিসাব করে দেখা গেছে, দর সংশোধনের পরও প্রধান তিনটি নির্মাণ উপকরণ রড, সিমেন্ট ও পাথর এক বছর আগের তুলনায় এখন ২৪ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ইটের দামও বেড়েছে ২০ শতাংশ।






