দেহরক্ষীর ছেলেকে ছবির নায়ক

সালমান খান তাঁর ব্যক্তিগত দেহরক্ষী গুরমিত সিং জলির ছেলে টাইগারকে নতুন ছবির নায়ক করতে যাচ্ছেন। গুরমিত সিং জলি ‘শেরা’ নামেই বেশি পরিচিত। দীর্ঘ ৩০ বছর তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করছেন। এবার দেহরক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পালা। বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘শেরার ছেলে টাইগার এখন প্রস্তুত। ছেলেটি এরই মধ্যে প্রযোজক আর পরিচালকের নজর কেড়েছে। শেরার বলেছে, তার ছেলের জন্য কোন চিত্রনাট্য সবচেয়ে ভালো হবে, তা নাকি আমিই ভালো বুঝব। তাই আমি এখন টাইগারের জন্য চিত্রনাট্য বাছাই করছি। এখনো ওর জন্য আরও ভালো কিছু খুঁজছি।’

টাইগারের জন্মের পর তাঁকে কোলে নিয়ে সালমান খান বলেছিলেন, ‘ও একদিন হিরো হবে। আমি ওকে হিরো বানাব।’ শেরা তখন ভেবেছিলেন, সালমান হয়তো তাঁর ছেলেকে কোলে নিয়ে শুধু কথার কথা বলেছেন। কিন্তু সালমান খান তাঁর সেই প্রতিশ্রুতির কথা ভোলেননি। এদিকে টাইগার বড় হচ্ছে। এবার সালমান নিজেই তাঁকে নিয়ে শেরার সঙ্গে আলোচনা করেছেন। সালমানের ব্যস্ততা দেখে মনে হচ্ছে, শেরার ছেলে টাইগারের বলিউডে পা রাখা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

LEAVE A REPLY