স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০ জুলাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আরিফিন শুভ বিবৃতিতে লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’
‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব’—লিখেছেন এই অভিনেতা
পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেছেন, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’
শুভ আরও লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’






