ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি। দর্শক আগ্রহের জেরে দ্বিতীয় সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে চলছে এটি।
মুক্তির মাত্র ১১ দিনের মাথায় ৩ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। প্রাপ্ত তথ্যানুযায়ী, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার টাকা, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার টাকা এবং কে-স্ক্রিন থেকে আয় ৫ লাখ ৫৮ হাজার টাকা।






