দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত প্রায় ২ হাজার

করোনা ভাইরাসের সংক্রমণ চীনের পর সবচেয়ে বেশি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫০৫ জন সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৬৬। দক্ষিণ কোরিয়ায় নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৪২২ জনই দায়েগু শহরে। দেশটিতে আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। গতকাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দোকানে দোকানে মাস্ক কিনতে দীর্ঘ সারি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে। আসন্ন যৌথ সামরিক মহড়া স্থগিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পর ইরান ও ইতালিতে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে।