অভিনয়ে থাকলেও ঠিক আগের সেই ব্যস্ততা নেই রিচির। এই অভিনয়শিল্পী আগের মতো অভিনয়ে ব্যস্ত হতেও চান না। তাই তো খুব ভেবেচিন্তে এখন নতুন কাজে যুক্ত হন। বেশির ভাগ সময় তাঁর ব্যস্ততা সংসার ও সন্তান নিয়ে। এর মধ্যে জানা গেল, ভিন্ন এক পরিচয়ে সবার সামনে এলেন তিনি। সেই পরিচয় প্রতিষ্ঠিত করতে সেখানেই বেশি সময় দিতে চান রিচি। জানালেন, সময় যদি না দেন, তাহলে উদ্যোক্তা হতে পারবেন না।
ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানের পরিকল্পনা ছিল তাঁর অনেক দিনের। এখানেই এখন সময় বেশি দেবেন বলে জানালেন এই অভিনয়শিল্পী ও মডেল। এমন একটি প্রতিষ্ঠান চালু করতে পেরে ভালো লাগছে বলেও জানালেন রিচি।






