অফিস থেকে বাইরে তাকিয়ে সেদিন খুবই মন খারাপ হয়ে গেল। বাইরে ঝুমবৃষ্টি, অফিসের স্বচ্ছ কাচের ভেতর থেকে দেখছিলাম পানির তোড়। মনে হলো, আকাশ কি ফুটো হয়ে গেল! এই বৃষ্টি মন উথাল করা, এই বৃষ্টি মন কেমন করা। বর্ষা কত কিছু মনে করায়! বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, সে সময় এমন ঝরো ঝরো বর্ষায় আমরা কি হলে, আমাদের রুমে থাকতাম? বৃষ্টিতে ভিজতাম এবং ভিজতাম।
বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের মাথার ওপরে কোনো ছাতা নেই। যখন সঙ্গে থাকে প্রিয় মানুষ, ছাতার মতো বাড়তি একটি বস্তু তখন কে আর সঙ্গে রাখে! স্মৃতিগুলো কয়েক বছর আগের, ছাত্রজীবনের। তবু তা বৃষ্টিতে ধুয়েমুছে পুরোনো হয়নি একটুও। সে সময় ঝরো ঝরো মুখর বাদরদিন শুরু হলে অবধারিতভাবে আমার মুঠোফোনেও উড়ে আসত বৃষ্টি, ‘রিমঝিম শুরু হয়েছে, চল ভিজি।’
তার—মেয়েটির এই এক টুকরো খুদে বার্তার অপেক্ষা। তারপর ঘন বর্ষণ মাথায় করে তার সঙ্গে ক্যাম্পাসের এমাথা–ওমাথা চষে বেড়ানো। বৃষ্টিভেজা পিচঢালা পথ ধরে আমরা ঘুরছি আর আমাদের মুখে মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের গান: ‘শহরের উষ্ণতম দিনে, পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ…’
বৃষ্টির বিশ্বাস আজও ভিজিয়ে দেয় আমাদের। এখন এই ১০টা–৫টার কর্মব্যস্ত দিনে বাস্তবে ভিজতে না পারলেও মনে মনে আমরা ঠিকই ভিজি। আর রবীন্দ্রনাথের মতো করে কেবলই আমাদের মনে হয়, ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়।’
বাঙালির এই এক ব্যাপার, ষড়্ঋতুর বাংলাদেশের প্রতিটি ঋতুই তার মনে প্রভাব রেখে যায়। ফলে বর্ষাকালে ব্যস্ত নগরজীবনে যদি ছিটেফোঁটা বৃষ্টির দেখাও মেলে, বাঙালির মন কেমন করে ওঠে। তবে এখন ঋতুচক্রের মতিগতি বোঝাও দায়। বর্ষার দিনে বৃষ্টির দেখা নেই অথবা বৃষ্টি শুরু হলো বর্ষার মাঝামাঝি এসে—কয়েক বছর ধরে হরহামেশা এমনই ঘটছে।
কিন্তু এই নাগরিক জীবনে আকাশ মেঘলা হলেই ভিজে ওঠে আমাদের মন। তাই বৃষ্টি আসার আগে আগ বাড়িয়ে ফেসবুকের নিউজফিডে অঝোর ধারায় বৃষ্টি নামিয়ে ফেলি আমরা। আমাদের জন্য রবীন্দ্রনাথ তো আছেনই, তাঁর ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ থেকে শুরু করে ‘বাদল–দিনের প্রথম কদম ফুল করেছ দান’—কত কত উদ্ধৃতিতে ঝলমলিয়ে ওঠে ফেসবুক!
শুধু রবীন্দ্রনাথের গান নয়, অঞ্জন দত্তর ‘আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি’ থেকে শুরু করে পার্থ বড়ুয়ার ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ, দুচোখের জলে ভাসাব বলে, তোমাকে আজ কাঁদাব বলে’—এসব গান বৃষ্টির দিনে বিভিন্নজন যখন নিজের নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন, আমাদের মধ্যে আছড়ে পড়ে এক পশলা স্মৃতির বৃষ্টি। যেমন, এই বর্ষার এক টিপ টিপ বৃষ্টির দিনে পার্থর এই গানের লিঙ্কটি পাঠিয়ে এক বন্ধু ইনবক্সে আমাকে লিখল, ‘দোস্ত, রাইনাকে মনে পড়ছে।’
রাইনা এখানে ছদ্মনাম হলেও আমার ওই বন্ধুর জীবনে সে ছিল বাস্তব। তাদের তিন বছরের প্রেম পরিণতি পায়নি।
এমনভাবে বর্ষাকালের এই নাগরিক টাপুরটুপুর হরেক কিছু মনে করায়। আমরা আমাদের মনের সেসব অনুভব কোথায় আর রাখি? সেঁটে রাখি ফেসবুকেই। সেদিন ওই ঘোর বৃষ্টির দিনে ফেসবুকে যখন এলোপাতাড়ি স্ক্রল করছিলাম, চোখ স্থির হলো অচেনা একজনের একটি ছবিতে—খোলা ছাদে কালো চুল ভিজিয়ে তুমুল ভিজছে এক তরুণী। সেই ছবির পাশে লেখা হুমায়ূন আহমেদের চরণ, ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষায়।’
একবার মনে হলো, মেয়েটি কি হুমায়ূন আহমেদের রূপা? ছবিটি কি পোস্ট করেছে কোনো হিমু? কালো চুলের মেয়েটির ছবি এবং হুমায়ূনের কথা মিলেমিশে এমন এক আবহ ঘটে গেল, মুহূর্তেই ভারী হয়ে উঠল মন।
স্বীকার করে নেওয়া ভালো, কোনো এক অজ্ঞাত কারণে বর্ষার দিনে মন ভারী হয়ে ওঠে আমার। আজকাল বৃষ্টি শুরু হওয়ামাত্র ইনবক্সে বর্ষিত হয় বউয়ের খুটখাট, ‘বৃষ্টি হচ্ছে, বাইরে তাকাও। বৃষ্টিতে ভিজবা?’
প্রশ্নটি সে করে বটে, কিন্তু আমরা দুজনেই জানি, বৃষ্টির দিনে দুজন দুই অফিসে বসে ভেজা যায় না। ফলে ইনবক্সের ওই কথাবৃষ্টিই সই।






