কুষ্টিয়ার কুমারখালীতে সাংসদ-চেয়ারম্যানের করোনার টিকা দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। ঘটনার ছবি–ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলার মানুষের মধ্যে সমালোচনা চললেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি।
জেলায় করোনার টিকা কার্যক্রম পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একটি সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনা টিকা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক নার্স টিকা দিতে পারেন। তবে নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া কোনো নার্স করোনা টিকা দিতে পারবেন না, সেখানে অন্য কেউ তো দেওয়ার প্রশ্নই আসে না।’
গতকাল করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় কুমারখালীতে নার্সের পরিবর্তে স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ ও উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান টিকা পুশ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
করোনা টিকাদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদস্যসচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কুমারখালীর ঘটনার সময় এ দুজন কর্মকর্তাকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।






