তৈরি পোশাকসহ সব খাতের উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার মাস চারেক পর এই কর কমানো হয়। ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারির দিন থেকেই তা কার্যকর করা হয়। কিন্তু তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ চায়, সুবিধাটি যেন ১ জুলাই থেকে কার্যকর করা হয়।
যেদিন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করেছে, সেদিনই বিজিএমইএর সভাপতি রুবানা হক এনবিআরের চেয়ারম্যানকে এই বিষয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি তৈরি পোশাক খাতের চলমান দুরবস্থার চিত্র তুলে ধরেন। এই বিবেচনায় তিনি ১ জুলাই থেকে নতুন উৎসে করহার কার্যকর চান।
এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে রপ্তানি পণ্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কাটা হয়েছে। এখন বিজিএমইএ পোশাক খাতে হ্রাসকৃত উৎসে করের হার ১ জুলাই থেকে কার্যকরের দাবি জানিয়েছে। রপ্তানি পণ্য বিদেশে যাওয়ার আগে রপ্তানিমূল্যের ওপর উৎসে কর কাটা হয়। পণ্য উৎপাদন থেকে বন্দরে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক মূল্যকে রপ্তানিমূল্য হিসেবে ধরা হয়।






