জাইরাকে যৌন নির্যাতনকারীর সাজা ৩ বছর

২০১৭ সালে বিমানের বিজনেস ক্লাসে পাশের সিটে বসে বলিউড তারকা জাইরা ওয়াসিমকে যৌন নিপীড়নকারী ব্যক্তির ৩ বছরের সাজা হয়েছে। এই শাস্তি কার্যকর করেছে স্পেশাল প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্ট (পিওসিএসও)। তখন ‘দঙ্গল’খ্যাত জাইরা ওয়াসিমের বয়স ছিল ১৭।

আপরাধীর নাম বিকাশ সাচদেব। পেশায় ব্যবসায়ী। ওই দিনই জাইরা তাঁর বিরুদ্ধে মামলা করেন। তবে বিকাশ সেই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। জাইরার শরীরে যে তাঁর হাত পড়েছে, তা তিনি জানেনই না। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনয়শিল্পীর কাছে।

জাইরা জানিয়েছিলেন, ভিস্তারা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন। তখন ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি তাঁর ঘাড়ে আর পায়ে হাত দেন। তিনি তখন কেবিন ক্রুদের ডেকেছিলেন সাহায্যের জন্য। কিন্তু কোনো সাড়া পাননি। ওই রাতে জাইরা ওয়াসিম ইনস্টাগ্রামের লাইভে পুরো ঘটনাটি বর্ণনা করেন। কেবিন ক্রুদের সার্ভিস নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।