নতুন স্বাভাবিক সময়ে নতুন অভিজ্ঞতায় শুরু হলো এশিয়ার অন্যতম বৃহৎ আলোকচিত্র উৎসব ছবিমেলা। ছবিমেলা একে ১১তম আসর না বলে বরং বলছে করোনাকালীন বাস্তবতায় বিশেষ আসর। এ আসরের নাম দেওয়া হয়েছে ‘শূন্য।’ আজ শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে প্রদর্শনী, শিল্পী পরিচিতি ও আলোচনার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।
‘শূন্য’ উদ্বোধন করেন পাঠশালা ও ছবি মেলার প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলম, উৎসব পরিচালক তানজিম ওয়াহাব, নির্বাহী পরিচালক এএসএম রেজাউর রহমান ও কিউরেটর সরকার প্রতীক। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দৃকপাঠ ভবনে ছিল সীমিত পরিসরের উদ্বোধনী শোভাযাত্রা। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী, শিল্পী ও কিউরেটরেরা। সন্ধ্যা সাতটায় ছবি মেলা ‘শূন্য’-এর পডকাস্ট সিরিজের অংশ হিসেবে ছিল আন্তর্জাতিক কিউরেটর ও লেখক নাতাশা জিনওয়ালা এবং ব্রিটিশ-নাইজেরিয়ান আলোকচিত্রী আকিনবোদে আকিনবিয়ির কথপোকথন। যেটি শোনা যাবে উৎসবের ওয়েবসাইটে। এ ছাড়া রাত ৮টা থেকে ছিল দুই ঘণ্টার নিয়মিত রেডিও অনুষ্ঠান ‘বাবা বেতার।’
অন্যবারের তুলনায় ছবিমেলা এবার বেশ ছোট পরিসরে আয়োজন করা হয়েছে। তবু দৃকপাঠ ভবনে প্রদর্শিত হয়েছে বহুমাত্রিক শিল্পকর্ম যা একই সঙ্গে উপভোগ করা যাবে অনলাইনেও। শিল্পকর্ম প্রদর্শনের জন্য বৈচিত্রপূর্ণ রূপে ব্যবহার করা হয়েছে ভবনের বিভিন্ন তলা, ছাদ, সিঁড়িসহ নানা জায়গা।






